আজ থেকে কার্যকর হচ্ছে বাসের নতুন ভাড়া - অনলাইন সংগৃহীত ছবি
নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীসহ দূরপাল্লার রুটে চলাচলকারী সব ডিজেলচালিত বাসের ক্ষেত্রে এই বর্ধিত ভাড়া কার্যকর হবে।
নতুন ভাড়ার হার:
১. ঢাকা ও চট্টগ্রাম মহানগরী: মহানগর এলাকায় বর্তমানে প্রতি কিলোমিটারে বাস ভাড়া ২ টাকা ৪২ পয়সা। ১১ পয়সা বৃদ্ধির ফলে নতুন ভাড়া হবে ২ টাকা ৫৩ পয়সা।
২. দূরপাল্লার বাস: দূরপাল্লার রুটে বর্তমান ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ২৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।
৩. সর্বনিম্ন ভাড়া: তবে সাধারণ যাত্রীদের কথা বিবেচনা করে বাসের সর্বনিম্ন ভাড়া (১০ টাকা) এবং মিনিবাসের সর্বনিম্ন ভাড়া (৮ টাকা) অপরিবর্তিত রাখা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে ডিজেলের দাম লিটারপ্রতি বৃদ্ধি পাওয়ার কারণে পরিবহন মালিকদের দাবির মুখে এই ভাড়া সমন্বয় করা হয়েছে। তবে এই নিয়ম শুধুমাত্র ডিজেলচালিত যানের জন্য প্রযোজ্য হবে। সিএনজিচালিত বাসের ক্ষেত্রে আগের ভাড়াই বহাল থাকবে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাসে নতুন ভাড়ার তালিকা বা চার্ট দ্রুত টানানোর নির্দেশ দেওয়া হয়েছে যাতে সাধারণ যাত্রীরা হয়রানির শিকার না হন। ভ্রাম্যমাণ আদালত মাঠ পর্যায়ে তদারকি করবে যাতে কেউ নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায় করতে না পারে।